চট্টলা সংবাদ প্রতিবেদন :
চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া নেতাদের সন্ধান এবং খুনের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাঁশখালী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। গুম হওয়া মানুষদের সন্ধান এবং এইসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”
মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মারুফ এবং বাঁশখালী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উপস্থিত নেতারা বলেন, দেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহেদ হাসান তারেক, ছাত্রনেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেকুল ইসলামসহ অনেকে।
বক্তারা ফ্যাসিস্ট সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুম-খুনের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।