বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য বিন স্থাপন

চট্টলা সংবাদ প্রতিবেদন :

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, ক্লিন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য বিন স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহদাত হোসেন। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশের এই উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।”

ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এই কার্যক্রম শুধু সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য নয়, বরং মানুষকে সচেতন করতে এবং তাদের দায়িত্বশীল করে তুলতে আমাদের প্রচেষ্টা।”

প্রোগ্রামের ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন টিম লিডার তানভীর রিসাত। তিনি বলেন, “এই উদ্যোগের লক্ষ্য শুধু পরিচ্ছন্নতা নয়, বরং সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা। আমরা চাই এখানে আসা পর্যটক এবং দোকানদাররা পরিবেশের প্রতি যত্নবান হন এবং বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সহযোগিতা করেন।”

অনুষ্ঠানের অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা সৈকতের বর্জ্য পরিষ্কার করেন এবং সেখানে স্থায়ী বর্জ্য বিন স্থাপন করেন। দোকানদারদের মধ্যে সচেতনতা তৈরি করতে তাদের সঙ্গে আলোচনা করা হয় এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অনুপ্রাণিত করা হয়।

অনুষ্ঠানে দোকানদাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “এই উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন এখানে কাজ করি, তাই পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব।”

পরিবেশ রক্ষায় এই উদ্যোগ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্লিন বাংলাদেশ ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে টিমের আফসানা প্রমি, তানজিফা, আলভি, হাসান, নুর উদ্দিন প্রমুখ।