অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিলো নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ ৯৫ ভারতীয় জেলেকে, অপরদিকে ভারত বাংলাদেশের ৯০ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত ৯ ডিসেম্বর ট্রলারসহ ৭৮ জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এরআগে থেকে আরও ১২ জন ভারতের কারাগারে ছিলেন।
২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় ৯৫ জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের সুন্দরবন সামুদ্রিক মৎসজীবী শ্রমিক ইউনিয়ের সেক্রেটারি সথিনাথ পত্র বলেন, ‘আমরা বাংলাদেশে সরকারের জারি করা নির্দেশের কপি পেয়েছি। যেখানে আমাদের জেলেদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের ভারতে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য স্বস্তির। কারণ এই গরীব জেলেরা গত অক্টোবর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি।‘
আজ তাদের একটি প্রতিনিধি বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জেলেদের ট্রলারগুলোও ছেড়ে দেবে। আমরা আশা করি নতুন বছরে তারা বাড়িতে ফিরবে।’
আইএ/চস