পূর্ববর্তী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করা হয়েছিলো অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি দেশের শিক্ষাব্যবস্থার অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতার বিষয়ে তীব্র সমালোচনা করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করা হয়েছিল।”
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পূর্ববর্তী ব্যবস্থার কবর রচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, আধিপত্যবাদী ও দখলবাজের স্থান হবে না ইনশাআল্লাহ।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমানের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
রাসিব/চস