কনটেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বন্দর চ্যানেলে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত নয়টায় কর্ণফুলী নদীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মাঝখানে ডুবে বন্দর চ্যানেলে এই দুর্ঘটনা ঘটেছে।
বন্দরে বাণিজ্যিক জাহাজের আসা-যাওয়া নিরাপদ করতে ডুবে যাওয়া বাল্কহেডের স্থানে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ওপর লাল বয়া স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ।
সূত্র জানায়, ডুবে যাওয়া নৌযানটির নাম এমভি অনিমা সায়মা-২। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর জেটি ছেড়ে যাওয়া ‘এমভি জিয়ানিনা-২’ নামের কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দরের ‘কাণ্ডারী ১’ টাগবোটটি উদ্ধার করে ৩ নাবিককে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ডুবন্ত বাল্কহেড উদ্ধারে লিফটিং ভ্যাসেল বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি।
তাই জরুরি ভিত্তিতে বাল্কহেডের মালিককে সেলভেজ করে নিরাপদ স্থানে নৌযানটি সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পোর্ট অ্যাক্ট ১৯০৮, ধারা ৩৩, ৪৩, চবক আইনের ধারা ১০ (জ), ১০ (ম), ১১ (গ), ২১ এবং সেলভেজ কনভেনশান ১৯৮৯ এর ধারা ৮, ১২ ও ২০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হয়নি। আজ বন্দর জেটিতে ১২টি জাহাজ নিরাপদে আসা-যাওয়া করেছে।
আইএ/চস