বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবিতে ছাত্র ইউনিয়ন নেতাসহ আটক ৩, মাদক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি শিমুল কুম্ভকারসহ চারুকলা অনুষদের তিন শিক্ষার্থীকে মাদকসহ আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ চেক পয়েন্টে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন নেতা শিমুল কুম্ভকার, ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মো: রাইয়ান এবং কারুশিল্প বিভাগের মো: আব্দুল আহাদ।

তাদেরকে আটক করে প্রথমে নিউমার্কেট ও পরে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে আজ ১ জানুয়ারি সকালে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য যান চলাচল সীমিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত সাড়ে ১২টার দিকে তিনজন মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে রিকশা করে প্রবেশ করছিলেন। সেখানে দায়িত্বে থাকা প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সদস্য তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা বাকবিতন্ডায় জড়ান। দায়িত্বে থাকা বিএনসিসির সদস্য ও স্বেচ্ছাসেবীদেরকে’ সোহরাওয়ার্দী উদ্যান থেকে পোলাপান এনে শুইয়ে দিবো’ বলে হুমকি দেন।

এসময় তাদের তিনজনের আচরণ সন্দেহজনক হলে সেখানকার দায়িত্বরত পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে মাদকদ্রব্য পায়। পরে তাদেরকে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। এরপর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আইএ/চস