বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন সেনার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাজ্যের বান্দিপোরা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।‘

প্রসঙ্গত, গেল মাসে একই রকম একটি ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়িটি। এতে আহত হন আরও পাঁচ সেনাসদস্য।

আইএ/চস

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট