ঢাবির ভিসি এবং শিক্ষকরা যদি স্বাধীনতায় বিশ্বাসী আর ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে হয়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সহযোগিতা করবে। এসময় শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাহস বলেন, যদি বুঝা যায় ভিসি স্যার, প্রক্টর মহোদয় সরাসরি মব ক্রিয়েটের সাথে যুক্ত তাহলে তাদের জন্য হুঁশিয়ারি।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস (DUS) চত্ত্বর থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ভিসি চত্ত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
এতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে এই মিছিলে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের কথা বলে আসছে। ছাত্রদল স্বাধীনতার পক্ষে সব সময় আপোষহীন। জাতীয়তাবাদীর শক্তিকে রুখে দেয়ার মত কোনো শক্তি বাংলার মাটিতে জন্ম নেইনি।
তিনি বলেন, ৫ আগস্টের পর একের পর গুপ্ত সংগঠন বের হচ্ছে, যারা মব কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। যা এখনও অব্যাহত রয়েছে। বিগত ২ জানুয়ারি সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ২৪ গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি মিলে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের আঁধারে মব ক্রিয়েট করেছে।
৭১ পরাজিত শক্তি আর ২৪ এর পরাজিত শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।