বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতাকর্মীদের ক্রোধের মুখে ওসি নেজাম; পুলিশে সোপর্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৬ জানুয়ারি) বেলা ৩ টায় পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে আটক করেন তাঁরা।

এসময় মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে নানা ধরণের ক্ষোভ প্রকাশ করছিলেন ভুক্তভোগীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসে সাবেক ওসি নেজাম উদ্দীন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়।

পুলিশের এই কর্মকর্তা বর্তমানে কোথায় কর্মরত আছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া পাসপোর্ট অফিসের সামনে কী উদ্দেশ্যে এসেছেন তাও এখনো জানা যায়নি। পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজে তিনি সেই স্থানে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা উনাকে থানা হেফাজতে নিয়েছি। এছাড়া তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সেখানে বিচারের দাবিতে মিছিল করছেন।

প্রসঙ্গত, নেজাম উদ্দিন সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও  নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেছেন তিনি।

আইএ/চস