বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির নিরপেক্ষ সরকার দাবিতে ১/১১ সরকারের ছায়া: নাহিদ ইসলাম

চট্টলা সংবাদ প্রতিবেদন :

বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবিকে ১/১১ সরকারের ইঙ্গিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশের সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। তার মতে, বিএনপির বক্তব্যে সামনে আরেকটি ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, নতজানু পররাষ্ট্রনীতি এবং গুম-খুনের বিচার না হওয়ার সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ৫ আগস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছিল, তখন আপোষকামী জাতীয় নেতারা ক্যান্টনমেন্টে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তিনি দাবি করেন, ছাত্ররা তখন থেকেই ঘোষণা দিয়েছিল যে কোনো সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেবে না।

তিনি জানান, ৬ আগস্ট বঙ্গভবনে আলোচনার মাধ্যমে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিনি দাবি করেন, ছাত্ররা চেয়েছিল রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে।

নাহিদ ইসলাম বিএনপির ওপর অভিযোগ তুলে বলেন, তারা জাতীয় সরকারের দাবি মেনে নেয়নি এবং এখন নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকার গঠনের প্রস্তাব করছে। তিনি এটিকে গণতন্ত্র ও জাতীয় স্বার্থের পরিপন্থী উল্লেখ করে দাবি করেন, ছাত্র-জনতা এমন কোনো পরিকল্পনা মেনে নেবে না।

পোস্টে তিনি আরও জানান, সরকারের বিভিন্ন স্তরে বিএনপিপন্থী ব্যক্তিরা রয়েছেন এবং এই বাস্তবতায় নির্বাচনের নিরপেক্ষতার বিষয়টি ভাবতে হবে। রাষ্ট্রপতির পরিবর্তন, নতুন সংবিধান ও জাতীয় ঐক্য ইস্যুতে বিএনপি বিরোধী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান জানান ছাত্র-জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথে আসার জন্য। তিনি দাবি করেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য দেশের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করা প্রয়োজন।