বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবনে বন্যহাতির পাল পিষে মারলো ঘুমন্ত শ্রমিককে

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৪৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কালু মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে কাজ করতেন।

সরই ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, ‘হাতিগুলো প্রথমে বাড়ি ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। পরে ঘর ভাঙা শুরু করে। ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়েও হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হাতিগুলো এখনো ওই এলাকায় অবস্থান করছে।’

জানা যায়, খাবারের সন্ধানে বন্যহাতির পাল শনিবার ভোর ৪ টায় ইছহাক মেম্বার পাড়ায় একটি খামারের ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা মো. কালু হাতির আক্রমণে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা কালুকে মৃত ঘোষণা করেন।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।

এদিকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।

-আইএ/চস