দীর্ঘ ১৭ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল।
আগামী ২৭ জানুয়ারি(সোমবার) শুরু হয়ে ৩১ জানুয়ারি(শুক্রবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটবে ঐতিহাসিক এ মাহফিলের।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টায় নগরের একটি রেস্টুরেন্টে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের লিখিত বক্তব্যে এসব কথা জানান।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, এবারের তাফসির মাহফিলের প্রস্তুতি কাজ আরো আগে থেকে শুরু হয়েছে। এ উদ্দেশ্যে তাফসির এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ তায়ালার মেহেরবাণীতে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।
নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আশা করছি মাহফিলে বিপুল শ্রোতার সমাবেশ ঘটবে। আমরা অনুভব করছি সেই তুলনায় মাঠটি যথেষ্ট নয়। তাই আমরা সমাবেশের সংকুলান ও জনসাধারণের মাহফিল শুনার সুবিধার্থে কিছু ব্যবস্থা গ্রহণ করেছি।
প্যান্ডেল ব্যবস্থা
প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল থাকবে না। মূল প্যান্ডেলে থাকবে পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা পাশাপাশি সম্মানিত মেহমান ও সাংবাদিকদের জন্য থাকবে বসার বিশেষ ব্যবস্থা।
এছাড়া সেনিটেশন ব্যবস্থা, দর্শক-শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণে থাকবে প্রয়োজনীয় স্টল।
স্বেচ্ছাসেবকগণ মাঠের নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। সাথে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
মহিলা প্যান্ডেল
মাহফিলে মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও শোনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশালয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলা প্যান্ডেল থাকবে।
এই সকল প্যান্ডেলে মহিলাদের বসার, শুনার ও প্রয়োজনীয় সেনিটেশন ব্যবস্থা থাকবে। নিয়ম শৃঙ্খলার রক্ষার উদ্দেশ্যে দায়িত্ব পালন করবেন মহিলা স্বেচ্ছাসেবকরা। তাদের সহায়তায় থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
মূল মাঠের চারপাশে যেসব এলাকায় অবস্থান ও মাহফিল শোনা যাবে
প্যারেড মাঠের চতুর্দিকে দক্ষিণে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় ও জামালখান তথা চেরাগীপাহাড় মোড় পর্যন্ত, উত্তরে মেডিক্যাল কলেজ ও পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত। পূর্বে চকবাজার ধুনির পোল ও বাকলিয়া এক্সেস রোড এর সুবিধাজনক অংশ পর্যন্ত এবং পশ্চিমে মেডিক্যাল কলেজ হোস্টেল পরবর্তী সি.জি.এস স্কুল মোড় পর্যন্ত।
জনসাধারণের সুবিধার্থে এসব এলাকায় অবস্থিত মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সদয় সহযোগিতা চেয়ে চিঠি দেয়া হয়েছে। এসকল এলাকায় যে সব শ্রোতা সমবেত হবেন তাদের মাহফিল শোনার ব্যবস্থা থাকবে।
যথাসম্ভব এল.ই.ডি এর ব্যবস্থা থাকবে। যথাসম্ভব সেনিটেশন ব্যবস্থা মওজুদ রাখা হবে। মাহফিল চলাকালীন সময়ে শান্তি ও নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ব্যবস্থা থাকবে। যাদের সহযোগিতায় জন্য থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ও সমাজসেবক মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, তাফসিরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল ও সাংবাদিক মুহাম্মদ উল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সেলিম উল্লাহ জামান প্রমুখ।
-আইএ/চস