চট্টলা সংবাদ প্রতিবেদন :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (উত্তর-দক্ষিণ) বিশেষ অভিযানের মাধ্যমে তিনজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং চারজন অপহরণকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। গত ২৫ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭:৪৫ মিনিটে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাছির আহম্মদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪), এবং মো. ইমন সাদ্দাম (২৩) নামের চারজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার, একটি চাকু এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযানের সময় অপহরণকারীরা তিনজন ভিকটিম—সমীর দাশ (৪৫), কেশব মিত্র দাশ (৪৩), এবং রুবেল রুদ্র (৪২)—কে মারধর করে একটি বাগানে আটক রাখে এবং তাদের পরিবারের কাছে নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিমদের মধ্যে রুবেল রুদ্রকে সকাল ১০:৩০টায় এবং সমীর দাশকে দুপুর ২:৩০টায় হিলভিউ এলাকার নিজ নিজ লন্ড্রির দোকান থেকে অপহরণ করা হয়। বিকেল ৪:৪৫টায় হিলভিউ ২ নম্বর রোড থেকে কেশব মিত্র দাশকে অপহরণ করা হয়। প্রথমে তাদের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় এবং পরে পূর্ব নাসিরাবাদে স্থানান্তর করা হয়।
অভিযানে আরও ৭-৮ জন অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।