বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “নববর্ষ প্রকাশনা উৎসব’২৫” উদ্বোধন

“সংগ্রাম আর সাহসী জীবন,সততায় ভরা মন,জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের আয়োজনে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে ‘নববর্ষ প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২৫’।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ৩ টা ৩০ মিনিটে নগরের চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় ছয়দিন ব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব ২৫’ এর স্টল উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৮টি বছর নানা বাঁধা বিপত্তির মাঝেও ছাত্র শিবির তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে।এই দীর্ঘ সময়ে শিক্ষার্থীবান্ধব সকল কার্যক্রম থেকে ছাত্র শিবিরকে বিছিন্ন করার নানা অপচেষ্টা চালানো হয়েছে। মহান রাব্বুল আলামীন তাদের এই ষড়যন্ত্রকে ছিন্ন-বিছিন্ন করে দিয়েছে।

ছাত্রশিবিরের এই প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব জ্ঞান বিতরনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, সদকায়ে জারিয়ার অন্যতম বড় সদকা হলো মানুষের মাঝে ইসলামের জ্ঞান বিতরণ করে দেওয়া। এ ধরনের আয়োজন যুব সমাজকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করে নৈতিকতার পথে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।

প্রদর্শনী উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম বাবু, চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আজিজ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক সিরাজি মানিক, তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, ‘জাহেলিয়াত চর্চা থেকে দেশের মানুষকে বের করে আনার লক্ষ্যে এই প্রকাশনা উৎসব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জ্ঞানচর্চার মাধ্যমে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত করা আমাদের মূল উদ্দেশ্য।‘

স্টলে প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে কিশোর পত্রিকা, ক্যালেন্ডার, বিজ্ঞান ও গবেষণাধর্মী সিরিজ এবং ইসলামী সাহিত্যসহ হরেক রকম শিক্ষা সামগ্রী।৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

উল্লেখ্য,এর আগে গেল ২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জামালখান মোড়ে প্রথম প্রকাশনা উৎসবের আয়োজন করে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর।

-আইএ/চস