কর্মসূচি ডেকেও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীর পক্ষে মানববন্ধন করতে পারেনি সমিতির একাংশের ব্যবসায়ীরা। ছাত্র জনতা এবং সাধারণ ব্যবসায়ীদের বাঁধার মুখে পন্ড হয়ে যায় এ কর্মসূচি।
সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট মোড়ে সমাবেশে হামলা মামলায় আটক বণিক সমিতির সভাপতি ছালামত আলীর পক্ষে সমিতির কিছু অসাধু সদস্য মানববন্ধনের ডাক দেন।তা প্রতিহত করতে সাধারণ ব্যবসায়ী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকালে আর এস রোড সংলগ্ন সমিতির অফিস ঘেরাও করে রাখে। পরে ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিলের আল্টিমেটাম দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, ফ্যাসিবাদের দোসর ছালামত আলী দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামীলীগকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তাকে আটক করার পর তার দোসর কিছু অসাধু ব্যবসায়ী ছালামত আলীকে মুক্তি করতে তোড়জোড় শুরু করে। আমরা সাধারণ ব্যবসায়ীরা তা কোনদিন হতে দিবো না। সমিতির বেশ কয়েকজন সদস্য অভিযোগ করে জানান, ব্যবসায়িক পার্টনার হওয়ায় সমিতির কয়েকজন নেতা ছালামত আলীর মুক্তির ব্যপারে কলকাঠি নাড়ছেন।
এ ব্যপারে রিয়াজউদ্দীন বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুস শুক্কুর মুঠোফোনে বলেন, কার্যকরী পরিষদ দ্রুত মিটিং করে বণিক সমিতির নির্বাচন আয়োজন করবে।
এ ব্যপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল করিম জানান, ফ্যাসিবাদের পক্ষের কোন শক্তিকে কর্মসূচি করতে দেওয়া হবেনা। মাননবন্ধের যারা ডাক দিয়েছে তারা গোয়েন্দা নজরদারিতে আছে।