বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো “অংকুর বৃত্তি সংবর্ধনা-২৪”

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে আয়োজিত “অংকুর বৃত্তি সংবর্ধনা-২৪” সম্পন্ন হয়েছে। ৮ ফেব্রুয়ারি (শনিবার) নগরীর স্মরণীকা কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অংকুর বৃত্তি প্রকল্প-২৪-এর সদস্য সচিব সালাউদ্দিন আকাশের সভাপতিত্বে ও হিশাম সুফিয়ান ও হাসান শরীফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য দেন অংকুর বৃত্তি প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল্লাহ মোহাইমিন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির উৎকর্ষতায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে অংকুর অদম্য এক প্রতিষ্ঠান।”

বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ, সময় ব্যবস্থাপনা ও নিয়মানুবর্তিতার গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি “জুলাই বিপ্লব সংবর্ধনা” প্রদান করেন ১০ম শ্রেণির ছাত্র মোহাম্মদ জুনায়েদকে, যিনি জুলাই বিপ্লবে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন।

“স্টুডেন্ট অব দ্য ইয়ার” নির্বাচিত হলেন আজরফ কাদের আহনাফ

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল “স্টুডেন্ট অব দ্য ইয়ার-২৪” নির্বাচন। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সরকারি হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের আজরফ কাদের আহনাফ এই পুরস্কার অর্জন করেন। পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বিজয়ীর হাতে ল্যাপটপ তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদস্য সচিব সালাউদ্দিন আকাশ অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও অংকুরের কার্যনির্বাহী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের মেধা বিকাশে অংকুর বৃত্তি সংবর্ধনার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের।