বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেকুয়ায় শ্রমিক দল নেতা আজমের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় মগনামা শ্রমিক দল সভাপতি আজমগীরের (৪৭) বিরুদ্ধে সাংবাদিক পরিবারের লবণের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভিযুক্ত আজম কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের কোমপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে।

গেল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টায় রেহেনা সল্ট নামক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনার নাছির উদ্দীনের কাছ থেকে মুঠোফোনে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে এই নেতার বিরুদ্ধে।

পেকুয়া থানায় ভুক্তভোগীর সাংবাদিক আতিকুর রহমানের দায়েরকৃত এক অভিযোগপত্র থেকে জানা যায়, চাঁদা না দিলে লবণ ব্যবসা করতে পারবে না বলে হুশিয়ার করে এবং কয়েকবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে আজমগীর।

অভিযোগকারী আতিক বলেন, আমার বাবা এই এলাকায় ৬০ ইংরেজি থেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুর পর আমার পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত ৫ ই আগষ্টে স্বৈরাচার হাসিনার পতনের পর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আজমগীর দলীয় প্রভাব খাটিয়ে একাধিকবার চাঁদা দাবি করে আসছে। আমি পেকুয়া থানায় এবং তার দলীয় কার্যালয়ে অভিযোগ দিয়েছি।

ব্যবসায়িক অংশীদার নাছির উদ্দীন বলেন, আজমগীর ১২ তারিখ থেকে আমার মুঠো ফোনে একাধিকবার কল দিয়ে রেহেনা সল্টের মালিকের সাথে কথা বলে তার সাথে দেখা করতে বলছে। অন্যথায় ব্যবসা করতে পারবে না বলে হুঁশিয়ারি করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা রেহেনা সল্টের কর্ণধার থেকে আজমগীরের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।