বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাকসু নির্বাচনকে ঘিরে শ্লাটশেইমিং-ও সাইবার হেনস্তার শিকার হচ্ছেন নারী প্রার্থীরা

রাহুল হাসান , চবি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীরা সাইবার বুলিং ও শ্লাটশেইমিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফেইক আইডির মাধ্যমে তাদের ব্যক্তিগত সম্মানহানি ও হেনস্তা করা হচ্ছে।

সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের সহ-দপ্তর সম্পাদক পদ প্রার্থী জান্নাতুল আদন নুসরাত অভিযোগ করেন, নারীদের অগ্রযাত্রা রুখতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচনের শুরু থেকেই তাকে দমানোর চেষ্টা করা হয়েছে। গত রবিবার তার ব্যক্তিগত প্রোফাইলে ‘ভিডিও সার্ভিস দিতাছে শুনলাম’, ‘শিবিরের প্রিয় দাসী’ ইত্যাদি মন্তব্য করে শ্লাটশেইমিং করা হয়। তিনি এসব ঘটনার প্রমাণসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

একইভাবে হেনস্তার শিকার হয়েছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সৈয়দা সুরাইয়া হোসেন। অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে ‘শিবিরের এজেন্ডা’ হিসেবে ট্যাগিং করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একই প্যানেলের আরেক প্রার্থী জান্নাতুল নাঈম বলেন, রাজনীতির এই নোংরা খেলায়  নারীদের নিয়ে ট্যাগিং ও শ্লাটশেইমিংয়ের মাধ্যমে নিজেদেরকে উদ্দেশ্য পূরনের পায়তারা চলছে । তিনি এই ধরনের হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নারী প্রার্থীরা বলছেন, এই ধরনের সাইবার হামলা তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং মানসিকভাবে হেনস্তা করছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।