বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাকসু নির্বাচনে অনন্য উদ্যোগ: ব্রেইল লিফলেটে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ভোটাধিকারের বার্তা।

চাকসু নির্বাচনে অনন্য উদ্যোগ: ব্রেইল লিফলেটে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ভোটাধিকারের বার্তা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন, ২০২৫-কে কেন্দ্র করে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিয়া সিদ্দিকা। দৃষ্টিহীন নারী শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগকে সহজ ও স্বচ্ছ করতে তিনি ব্রেইল পদ্ধতিতে বিশেষ লিফলেট তৈরি করেছেন।
দৃষ্টিহীন শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ও দাবির প্রেক্ষিতে সাদিয়া এই উদ্যোগ নেন। সাদিয়া সিদ্দিকা বলেন, “দৃষ্টিহীন আপুরা নির্বাচন পদ্ধতি নিয়ে প্রায়শই অভিযোগ করেন। তারা মনে করেন, ব্রেইল পদ্ধতি ছাড়া তাদের ভোটাধিকারের প্রকৃত বাস্তবায়ন সম্ভব নয়। তাদের এই সমস্যার কথা মাথায় রেখেই হল সংসদ নির্বাচন কর্তৃপক্ষকে (প্রশাসন) ভোট কেন্দ্রে আলাদাভাবে ব্রেইল পদ্ধতি রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।”

ভিপি পদপ্রার্থী সাদিয়া জানান, ব্রেইল পদ্ধতির মাধ্যমে দৃষ্টিহীন শিক্ষার্থীরা প্রার্থীর নাম ও প্রতীক বুঝে নিয়ে নিজেদের পছন্দ মতো প্রার্থী বাছাই করতে এবং স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটি তাদের জন্য কেবল একটি নির্বাচনী সরঞ্জাম নয়, বরং স্বচ্ছতা ও সম্মানের প্রতীক।
তিনি আরও বলেন, ইন্টারনেটের সাহায্যে আমি ব্রেইল পদ্ধতিতে কীভাবে লেখা যায় তা খুঁজে বের করলাম এবং লেখার চেষ্টা করলাম। অবশেষে সাহস করে এক দৃষ্টিহীন আপু, মাফিয়া আপুর কাছে জিজ্ঞেস করলাম লেখাটা ঠিক আছে কিনা। আপু ধরে বললেন, ‘ব্যালট নং তাই না?’ এইটুকু শুনেই আমার মনে হলো—সফল। কোনো শারীরিক অক্ষমতার জন্য কেউ চাকসুর এই পুরো আমেজ থেকে বঞ্চিত না হোক।

তবে আপাতত এই লিফলেট বিতরণ স্থগিত রাখা হয়েছে, কারণ বেশিরভাগ দৃষ্টিহীন শিক্ষার্থীই এখন পূজার ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। ছুটি শেষে তারা ক্যাম্পাসে ফিরলে লিফলেট বিতরণ শুরু হবে।

উল্লেখ্য, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেবল এই প্রার্থীই নয়, বিশ্ববিদ্যালয়ের ডিজেবিলিটি কো-অর্ডিনেশন কমিটি (ডিসকো) থেকেও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিতের জন্য আবেদন করা হয়েছিল। সাদিয়া সিদ্দিকার এই ব্যক্তিগত উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরল

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট