বাঁশখালীর প্রেমাশিয়ায় ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে অধ্যক্ষ জহিরুল ইসলাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এ্যসিসট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, বেড়িবাঁধের ভাঙনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। আপাতত ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড দুয়েকদিনের মধ্যে কাজ শুরু করবেন বলে তাকে জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়ায় ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনকালে সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শুধু সাময়িক ব্যবস্থা নয়, আমরা স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছি। ইতিমধ্যে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) আমাদের আশ্বাস দিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে এই স্থানে টেকসই এবং স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। আমরা স্থানীয় প্রশাসন এবং সরকারের সাথে সমন্বয় করে কাজটি দ্রুত শুরু করার জন্য জোর দেবো।
পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, খানখানাবাদ ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমীর দেলোয়ার হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।