বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন চেয়ারম্যান লিয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী।

 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বলেন, আজ ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

 

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন লেয়াকত আলী। গত ২২ ডিসেম্বর এ আসনে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরীর পাপ্পাকে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

 

পদত্যাগপত্র জমা দেওয়ার পর লেয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান পদে থেকে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না বিধায় পদত্যাগ করেছি। দল আমাকে মনোনয়ন দেয়নি। দল একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে দলের সিদ্ধান্ত কোরআনও নয়, হাদিসও নয়—যা আমার জন্য বাধ্যতামূলক। জনগণই আমার একমাত্র প্রায়োরিটি।’

 

তিনি আরও বলেন, ‘দলের দুঃসময়ে আমি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। তাঁরাও চান আমি নির্বাচনে অংশ নিই। আজ পদত্যাগপত্র জমা দিয়েছি, আগামীকাল মনোনয়নপত্র জমা দেব।