বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত শোকসভাটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। এর আগে সকালে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

শোকসভায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও অবদান নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুল হক হায়দরী, ড্যাবের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. সারোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, সহ-সভাপতি ডেইজি মওদুদ এবং কার্যকরী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

 

আলোচনায় আরও অংশ নেন সিনিয়র সদস্য ড. আব্দুল ওয়াজেদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমেদ শাহ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং সদস্য মুহাম্মদ আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। শত প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি।”

 

প্রেস ক্লাব নেতৃবৃন্দ আক্ষেপ প্রকাশ করে বলেন, ১৯৯৫ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের চরম দুঃসময়ে বেগম খালেদা জিয়া ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছিলেন, কিন্তু বিগত সময়ের ক্লাব নেতৃবৃন্দ সেই অবদান কখনও স্বীকার করেনি। তাঁরা জানান, বর্তমান কমিটি যেকোনো অবদানের যথাযথ স্বীকৃতি দিতে বদ্ধপরিকর।

 

এছাড়া বেগম জিয়া ২০০১ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ার পর কল্পলোক আবাসিক এলাকায় সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ ব্যবস্থায় প্লট বরাদ্দের ব্যবস্থা করা হয়। এর আগে ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমার চট্টগ্রামের সাংবাদিকদের আবাসিক সংকট দূর করার জন্য নগরীর বায়েজিদ এলাকায় নামমাত্র মূল্যে ১৬ একর জায়গা বরাদ্দ দেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট