সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি
এম.এ.হান্নান।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে আদালত জাবেদসহ আসামিদের মধ্যে পলাতক ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগপত্রের শুনানি শেষে আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।
গত ৫ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান আদালতে অভিযোগপত্রটি জমা দেন। এতে জাবেদসহ ৩৬ জনকে আসামি ও ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলার মধ্যে এটি দুদকের প্রথম অভিযোগপত্র। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রভুক্ত ৩৬ আসামির মধ্যে বর্তমানে ৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন– জাবেদের স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, সাবেক পরিচালক জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম, জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজি আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এমএ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ব্যাংকটির সাবেক কর্মকর্তা একরাম উল্লাহ, হামিদ চৌধুরী, আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান, মেসবাহ উদ্দীন হোসাইন, বজল আহমেদ বাবুল, আরামিট গ্রুপের কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরী, মিছবাহুল আলম, আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী ও সাইফুল ইসলাম।
তদন্তে নাম আসা ৭ আসামি হলেন– আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।