বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ ছাত্রদল নেতার

ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সায়মুন আমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি তার পদত্যাগ ও দল পরিবর্তনের ঘোষণা দেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে দেয়া এক পোস্টে সায়মুন আমান লেখেন, তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সায়মুন আমান জানান, তিনি ২০১৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং সংগঠনের জন্য কাজ করেছেন বলে দাবি করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন ব্যক্তিদের আত্মীয়স্বজনদের বিএনপির রাজনীতিতে এনে সামনে রাখা হচ্ছে। ত্যাগীদের মূল্যায়ন না হলে সেখানে রাজনীতি করে লাভ কী? এমন মন্তব্য করে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।