বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চবি শিক্ষার্থীর পরিবারের উপর হামলায় চাকসুর নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান নাজিরের বাবা এসকান্দার হোসেন ও ভাই রহমত উল্যাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে চাকসু।

বিবৃতিতে বলা হয়, “আজ ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে সন্দ্বীপে নিজ এলাকায় মসজিদে যাওয়ার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। ইমরান নাজিরের ভাষ্যমতে, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা এ হামলা চালায়।”

চাকসুর বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিরোধী মতের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে নির্বাচনের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর হামলা এবং আজ ইমরান নাজিরের পরিবারের ওপর হামলার ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়।”

“বিরোধী মত দমন-পীড়ন ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতির অংশ। জুলাই-পরবর্তী বাংলাদেশে নির্বাচন-পরবর্তী এসব হামলা পুরোনো প্রতিহিংসার রাজনীতির কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।”

চাকসু সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।