চট্টগ্রাম, ১ মার্চ ২০২৬:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার (১ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শুরু হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা অপরিহার্য। তিনি অভিযোগ করেন, নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থানে অসহিষ্ণুতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা জাতির প্রত্যাশার পরিপন্থী। এসব সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধির মাস এবং এ মাসের শিক্ষা সমাজে শান্তি, ন্যায় ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার নিন্দা জানান এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, আলেম-ওলামা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় ঐক্য এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।