ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে কর্মরত সালেহ আহমদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে দেশটির কোনো কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। জানা যায়, শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। নিহত সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।