চট্টগ্রাম, ১৩ মার্চ ২০২৬:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেও সরকার দলীয় সংসদ সদস্যরা এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। দ্রুত এ শপথ গ্রহণ করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জামালখানস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হকের সভাপতিত্বে এবং উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ ও দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা জাগে। সেই লক্ষ্য বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার জরুরি। একইসঙ্গে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ইনসাফ ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পিক, সময় টিভির সিনিয়র রিপোর্টার শহিদুর রহমান এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু। ইফতার মাহফিলে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।