দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০২৩ সালে অবসরে যাওয়ার আগে তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন এবং তনু হত্যার সময়ও সেখানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. মমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা-মা ও ভাই।
এর আগে গত ৬ এপ্রিল মামলার অগ্রগতি প্রতিবেদন দিতে আদালতে হাজির হন তদন্ত কর্মকর্তা। তিনি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনের ডিএনএ নমুনা মিলানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন হাফিজুর রহমান ছাড়াও তৎকালীন সেনাসদস্য সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম, যারা বর্তমানে অবসরপ্রাপ্ত।দীর্ঘদিন ঝুলে থাকা এই আলোচিত মামলায় সাম্প্রতিক গ্রেপ্তার ও ডিএনএ পরীক্ষার উদ্যোগে নতুন করে ন্যায়বিচারের আশা দেখছেন তনুর পরিবারসহ দেশবাসী।