,

চট্টগ্রামের চাঁন্দগাওয়ে ফুটবল একাডেমির জাঁকজমকপূর্ণ উদ্ভোদন

নিজস্ব প্রতিনিধি:

নগরীর চান্দগাঁও এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “চান্দগাঁও ফুটবল একাডেমি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

চান্দগাঁও ফুটবল একাডেমির উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ (এমপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল ভুঁইয়া।

উদ্বোধন করেন অ্যাডভোকেট
জিয়াউদ্দিন আহম্মেদ, সভাপতি, চান্দগাঁও আবাসিক এলাকার কল্যাণ সমিতি (বি-ব্লক)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাসুদুল কবির রানা, সাবেক সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রধান বক্তা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চান্দগাঁও ফুটবল একাডেমির কার্যক্রম উদ্বোধন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ একাডেমির মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।