,

চবি ক্যাম্পাসে অস্ত্রধারীর ভিডিও ঘিরে উত্তেজনা, প্রশাসনের প্রতি চাকসু ভিপি রনির কড়া হুঁশিয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির চলাফেরার ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি মাদক ও অস্ত্রমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাকসু ভিপি। অন্যথায় শিক্ষার্থীদের রোষানলে পড়তে হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জানা যায়, গতরাতে বিশ্ববিদ্যালয়ের আমানত হল থেকে দেশীয় অস্ত্র হাতে বের হওয়ার একটি ঘটনার পর আজ দুপুর থেকে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু হয়। তবে হল প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা দাবি করেন, দীর্ঘ সময় চেষ্টা করেও সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা হলে গিয়ে পুনরায় ফুটেজ পর্যবেক্ষণ করলে অস্ত্রধারী ব্যক্তির স্পষ্ট ভিডিও শনাক্ত করা সম্ভব হয় বলে দাবি করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো অস্ত্রধারী ব্যক্তি হলের আবাসিক শিক্ষার্থী হলে তাকে অবিলম্বে হল থেকে বহিষ্কার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি ও দেশের প্রচলিত আইন অনুযায়ী দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মাদক ও অস্ত্র নির্মূলে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

|এইচ||চট্টলাসংবাদ