নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা আমিমুল ইহসান ফাহিমের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছে তার পরিবার। ফাহিমের ছোট ভাই মুকাররম হোসাইন শামিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দাবি করেছেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, গত ২ তারিখ সকালে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর কয়েক দফা অসুস্থ হয়ে পড়ে যান ফাহিম। পরে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব তার প্রকৃত রোগ নির্ণয় করতে ব্যর্থ হন।
শামিমের ভাষ্যমতে, হাসপাতালে ভর্তির পর ফাহিমকে স্যালাইন দেওয়া হয় এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তবে চিকিৎসক রোগীর অবস্থা সরাসরি পর্যবেক্ষণ না করে শুধুমাত্র স্যালাইন চালিয়ে যেতে নির্দেশ দেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, ফাহিমের মধ্যে স্ট্রোকের লক্ষণ দেখা দিলেও তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে রেফার করা হয়নি। বরং দীর্ঘ সময় হাসপাতালে রেখে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেল ৫টা ১৭ মিনিটের দিকে হাসপাতালেই ফাহিমের মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
এ ঘটনায় আরও অভিযোগ করা হয়েছে, মৃত্যুর পর চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে চিকিৎসক উল্টো আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন।
ফাহিমের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. রাকিবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চিকিৎসা অবহেলার অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।