চকবাজার চট্টগ্রাম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীলদের সততা, আমানতদারিতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করাই একজন দায়িত্বশীলের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, বৈষম্য, দুঃশাসন ও রাজনৈতিক অস্থিরতার শিকার। এ পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়া এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা জামায়াতের কর্মীদের নৈতিক দায়িত্ব।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন থাকার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সর্বস্তরে সোচ্চার থাকতে হবে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলামসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নেতৃত্বকে মর্যাদা নয়, বরং আমানত হিসেবে উল্লেখ করে জবাবদিহিতা, বিনয়, ত্যাগ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের হৃদয় জয় করার ওপর গুরুত্বারোপ করেন।