চকবাজার চট্টগ্রাম, [১৬ জুন ২৬]
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম মাহীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বপদে বহাল রাখার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে একাধিক মহল।
সমালোচকদের দাবি, শিক্ষাজীবনে শরীফুল ইসলাম মাহীর বিরুদ্ধে ক্যাম্পাসে অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ ছিল এবং তিনি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের কারণ হিসেবে পরিচিত ছিলেন।
অভিযোগ রয়েছে, যুবলীগের এক শীর্ষ নেতার সুপারিশে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মশক পরিদর্শক হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে পদোন্নতি পেয়ে মশক বিভাগের প্রধানের দায়িত্ব পান বলেও দাবি করা হচ্ছে।
আরও অভিযোগ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সিটি কর্পোরেশনের অধীনস্থ সড়কের লাইট বন্ধ রাখা এবং সিসিটিভি ফুটেজ সরবরাহের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছিলেন।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থী ও ভুক্তভোগীরা তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছিলেন।
তবে অভিযোগ উঠেছে যে, বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন তাকে পুনরায় স্বপদে বহাল রেখেছেন।
এ ঘটনায় প্রতিবাদকারীরা একজন অভিযুক্ত ও গণঅভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ থাকা ব্যক্তিকে পুনর্বাসনের তীব্র সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।