চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের উদ্যোগে সংগঠনের কার্যক্রমের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা ভূইয়া নিশি।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। তাঁরা সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরোপিত সকল বাধা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের নেত্রীবৃন্দ ও স্থানীয় মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।