চট্টগ্রাম নগরের ওয়্যারলেস এলাকায় পুলিশের ওপর হামলা, ওসির গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় করা মামলার পর এবার পুলিশের বিরুদ্ধেই আদালতে মামলা করেছেন সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার বাবা। তবে বগাকে গ্রেপ্তার করতে তাঁর বাসায় অভিযান চালানোর সময় তাঁর অনুসারীরা পুলিশের ওপর হামলা করেন। এতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় ওসির সরকারি গাড়িও।
এর মধ্যেই বগার বাবা পুলিশের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। মামলার আরজিতে পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা এবং কলেজ শিক্ষককে অপহরণ করে মারধরের মামলায় অভিযুক্ত বগাকে গ্রেপ্তারে ওয়্যারলেস এলাকায় তাঁর বাসায় অভিযান চালায় খুলশী থানা পুলিশ। এসময় অভিযানের খবর পেয়ে বগা ওসিকে ফোন করে পেটানোর হুমকি দেন এবং তাঁর মাকে গালমন্দ করেন। পরে বগার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালান।
এ সময় ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়। ভাঙচুর করা হয় খুলশী থানার ওসির সরকারি গাড়ি। পুলিশ পৌঁছানোর আগেই বগা তাঁর বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান বলে পুলিশের দাবি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গত শনিবার খুলশী থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে প্রধান করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।
পুলিশের খাতায় বগার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়াও খুলশী ও পাহাড়তলী এলাকায় বগা ও তাঁর ভাই রকির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল-পাল্টা দখল ও পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় বগাকে ২ নম্বর আসামি করা হয়। গত দুই বছর ধরে খুলশী ও পাহাড়তলীর পাহাড়ি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর নাম জড়ানোর কথা জানিয়েছে পুলিশ।
বগা স্থানীয় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাঁকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে বগা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।