আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ডিগ্রি তোমাদের শেষ গন্তব্য নয়। এরপর সবাইকে চূড়ান্ত গন্তব্য আখিরাতের দিকে যেতে হবে। তাই এই জীবনের পাশাপাশি পরকালের জীবনেও ভালোভাবে চলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবার ও আইআইইউসির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইআইইউসির ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ‘ফ্রেশার্স রিসিভশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেইজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর প্রকৌশলী মো. রাজু আহমেদ এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে ইটিই’র অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
ফ্রেশার্স রিসিভশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, আমরা পৃথিবীতে আসছি আবার চলেও যাব, কেউ থাকবে না। এই চিরাচরিত নিয়ম মেনেই বিদায়ক্ষণ অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনাবিধুর। আইআইইউসিতে দীর্ঘ সময় অতিক্রম করে তোমরা আজ আইআইইউসির ফ্লেভার গায়ে মেখে বিদায় নিয়ে যাচ্ছ। যারা নতুন এসেছ, তারাও চার বছর পর এই ফ্লেভার নিয়েই বিদায় নেবে। তোমরা যেখানেই যাও না কেন, আইআইইউসির সুনাম সবখানে ছড়িয়ে দেবে—এটাই আমরা আশা করি।
ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, ‘মানুষ যা চায়, তা সে পায়’—এর পাশাপাশি মনে রাখতে হবে, মানুষ তাহাই পায় যা সে করে। তাই শুধু আশা করলেই হবে না; আশা বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও কাজ করতে হবে। চার বছর পরে কী হতে চাও, তার পরিকল্পনা আজকেই করতে হবে। ডিগ্রি নেওয়া বা চাকরি পাওয়াই বড় কথা নয়। নিজেকে এথিক্স, ইসলামিক ভ্যালু ও চরিত্রের সঙ্গে গড়ে তোলাই বড় কথা। ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনের জ্ঞান ভালো ও খারাপ, দুই কাজেই ব্যবহার করা যায়। তাই খারাপ জিনিসগুলো বাদ দিয়ে ভালো কাজেই এই জ্ঞান ব্যবহার করতে হবে। অনুষ্ঠানের শেষে আইআইইউসি ইটিই ক্লাবের সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করেন।