হান্নান-চকবাজার,চট্টগ্রাম।
গতকাল ২১ জুলাই চট্টগ্রাম আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘অংকুর বৃত্তি প্রকল্প’ ২৬ এর উদ্ভোদনী অনুষ্ঠান ।
“শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন, বিকশিত হোক সত্যের ছোঁয়ায়”এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) নগরীর চট্টগ্রাম আইডিয়াল স্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রকল্পের উদ্বোধন করা হয়।
অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম আইডিয়াল স্কুলের এক শিক্ষার্থীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। পরে ফাহিম সাবিকের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে আনোয়ার হোসাইন বলেন, “শুধুমাত্র জিপিএ-৫ অর্জন কিংবা পুঁথিগত বিদ্যাই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আগামী প্রজন্মকে নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। অংকুরের শিশু শিল্পী ইমাম আহমেদ জাওয়াদ ও আবদুল্লাহর কণ্ঠে দেশাত্মবোধক গান, হামদ-নাত এবং ‘জুলাই জাগরণী গান’ পরিবেশিত হলে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের চট্টগ্রাম মহানগর উপদেষ্টা আরাফাত হোসাইন। ‘শিক্ষা ব্যবস্থার স্বরূপ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “বর্তমান সময়ের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। অংকুরের এই বৃত্তি প্রকল্প শিক্ষার্থীদের সেই পথেই পরিচালিত করবে বলে আমি আশা করি।”
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ বলেন, “মেধা ও নৈতিকতা একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না, তাদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।” তিনি এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য অংকুরের কার্যনির্বাহীদের সাধুবাদ জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সদস্য সচিব সম্মিলিতভাবে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে রেজিস্ট্রেশন ফরম ও সিলেবাস বিতরণ করা হয়।
উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানস্থলে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে শিক্ষার্থীদের জন্য ১৫ শতাংশ বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়। এ সুযোগে বিপুল সংখ্যক অভিভাবক তাৎক্ষণিকভাবে তাদের সন্তানদের নিবন্ধন সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে অংকুর বৃত্তি প্রকল্পের উদ্যোগের প্রশংসা করেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন।
আয়োজকরা জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর ২০২৬।