নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এক অসীম সাহসিকতাপূর্ণ ও সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
২৪ জুলাই (শুক্রবার) দুপুরে জীবনের ঝুঁকি নিয়ে পরিচালিত এই অভিযানে ২ জন দুর্ধর্ষ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া (ছদু মিয়ার বাড়ি) এলাকার মৃত মোঃ দুলা মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৪) এবং একই এলাকার নুরে আলম পুচুমের ছেলে মোঃ মহসিন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেলিশহরের দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে অভিযান চালায় ডিবি পুলিশ। দুই আসামিকে গ্রেপ্তারের পর তাদের নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো তথ্যমতে ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকা থেকে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক এবং ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসমূহ এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী ও অস্ত্রের মূল উৎসের সন্ধান পেতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।