,

চট্টগ্রামে জুলাই যোদ্ধাদের উদ্যোগে পথশিশু ও সাধারণ মানুষ নিয়ে গণ ইফতার

 

আবদুল হান্নান,চট্টগ্রাম, ১১ মার্চ:

চট্টগ্রামে জুলাই আহত যোদ্ধাদের উদ্যোগে পথশিশু ও সাধারণ মানুষকে নিয়ে এক ব্যতিক্রমধর্মী গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ মার্চ) নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মেজর (অব.) আহমেদ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং জুলাই আহত যোদ্ধা হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জুলাই আহত যোদ্ধাদের আহ্বায়ক আব্দুল্লাহ সাহেদ। ভিন্নধর্মী এই ইফতার মাহফিলে পথশিশু ও সাধারণ মানুষকে প্রাধান্য দেওয়া হয়।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নোমান, আবরার হাসান রিয়াদ, জোবাইর মানিক, রবিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় জুলাই আহত যোদ্ধাদের পক্ষ থেকে জাবেদ, সাইফুল ও তৌহিদ বক্তব্য রাখেন। পথশিশুদের একজন অভিভাবক (মা) ও অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন। এছাড়া পথশিশুরা হামদ, নাত ও কবিতা পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, “৭১ ও ২৪ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব নেই। ১৯৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আর ২০২৪ দিয়েছে ফ্যাসিবাদের অবসান। এই দুই ইতিহাস একে অপরের পরিপূরক।”

তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ৫১২ জন আহত ও নিহত জুলাই যোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন। তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এখন পর্যন্ত ২১১টি জুলাই যোদ্ধা পরিবারকে রিকশা প্রদান করে মাসিক আয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৯ জনকে চট্টগ্রাম বন্দরে স্থায়ী চাকরি এবং প্রায় ৪০ জনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ঢাকা সিএমএইচ, চট্টগ্রাম সিএমএইচ, বিজিবি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ ও বার্ন ইউনিটের মাধ্যমে।

বর্তমানে আরও ২৫ জন জুলাই যোদ্ধার কর্মসংস্থানের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রায় ১২০ জন পথশিশু ও ৩০ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথির নেতৃত্বে সবাই মিলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ইফতারের আগে নিহত জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং জুলাই যোদ্ধা হাফেজ তৌহিদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাতে দেশ, জাতি এবং ১৯৭১ ও জুলাই আন্দোলনের শহিদদের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, ‘১৯ Warriors of CTG July Movement’ এর উদ্যোগে এই গণইফতার কর্মসূচির আয়োজন করা হয়।