চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ করে তার প্রতিবাদে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশে শনিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
বিক্ষোভ মিছিলে ঝাড়ু হাতে দেখা যায় বিএনপির নেতা-কর্মীদের। তারা ‘জামায়াত-শিবিরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘তারেক জিয়ার ঘাঁটি, চন্দনাইশের মাটি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবুল হাসেম রাজু।
স্থানীয় বিএনপির নেতা আবুল হাসেম রাজু বলেন, কর্নেল অলি এখন পরাজিত হয়ে পাগল হয়ে গেছেন। বয়সের ভারে তিনি এলোমেলো কথা বলছেন।
তিনি আরও বলেন, কর্নেল অলি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছেন। এখন তিনি বেইমানি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
বিক্ষোভ সমাবেশের ব্যানারে অভিযোগ করা হয়, কর্নেল অলি আহমেদ এক-এগারোর কুশীলব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এ ছাড়া এলডিপি সভাপতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগও আনা হয়।
বিএনপি নেতা মোর্শেদ আলম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা
সিরাজুল ইসলাম , আব্দুল মাবুদ , জাহাঙ্গীর আলম,
সাইফুল করিম, আবদুর রব, নওশের মিয়া, ইফতেখার আলম সুমন, আখম মোজাম্মেল হক, যুবদল নেতা মাসুদুল আলম মাসুদ, শহীদুল ইসলাম প্রমুখ।