,

পাঁচলাইশে চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী, মোবাইল ফোন, পার্স ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পাঁচলাইশ মডেল থানাধীন রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার তিনটি ফ্ল্যাটে গত ৭ জুন ভোররাতে চুরির ঘটনা ঘটে। গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা জানালার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে। পরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
ঘটনায় স্বর্ণের চুড়ি, ব্রেসলেট, ডায়মন্ডের আংটি, রুপার কয়েন, রুপার চেইন, মোবাইল ফোন, বিদেশি পার্স, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং প্রায় ৭০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলা তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৫ জুন রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে চোরাইকৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত প্রায় ৪ ভরি ৯ আনা ওজনের স্বর্ণালংকারের গলিত অংশ উদ্ধার করা হয়। এছাড়া তাদের বর্তমান বসতঘর থেকে ৪টি রুপার কয়েন, ২টি রুপার চেইন, ২টি রুপার নূপুর, ২টি লেডিস পার্স এবং ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।