আবদুল হান্নান-চট্টলাসংবাদ।
চট্টগ্রামের বাঁশখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিতে যাচ্ছেন মোহাম্মদ রবিউল হক। তিনি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন।
জানা গেছে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি শরীয়তপুরের ডামুড্ডা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় চাঁদপুর থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে চাঁদপুর জেলায় টানা চারবার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হন তিনি।
এরও আগে হাটহাজারী থানায় এসআই হিসেবে কর্মরত থাকাকালে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে অস্ত্রসহ উপস্থিত থাকার অভিযোগে ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নুরুল আজম রনিকে গ্রেপ্তার করেন। ওই মামলার বাদীও ছিলেন তিনি নিজেই।
পাশাপাশি, ২০২১ সালে কোম্পানীগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেন বলে জানা যায়।
নতুন দায়িত্বে বাঁশখালী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।