আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে ব্যতিক্রমী এক মহিষকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। গোলাপি রঙের প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গড়ন, গোলাপি রং ও মাথার সামনের চুলের বিশেষ আকৃতির কারণে প্রতিদিনই মহিষটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে কোরবানির জন্য প্রস্তুত নানা জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়ার পাশাপাশি সবার নজর কাড়ছে ব্যতিক্রমী এই মহিষটি। সাড়ে তিন বছর বয়সী এলবিনো জাতের মহিষটির শরীর গোলাপি আভাযুক্ত এবং মাথার সামনের চুল তুলনামূলক বড় হওয়ায় খামার কর্তৃপক্ষ তার নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। দর্শনার্থীদের মতে, এর চুলের ধরন অনেকটাই মার্কিন প্রেসিডেন্টের মতো।
Donald Trump–এর নামানুসারে রাখা এই মহিষটি গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে সংগ্রহ করা হয় বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। এরপর থেকে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে প্রাণীটিকে।
খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, “মহিষটির মাথার সামনের চুল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আমরা এ নাম দিয়েছি। এটি এলবিনো জাতের মহিষ। স্বভাব শান্ত এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় সবার নজর কাড়ছে।”
তিনি আরও জানান, মহিষটি ইতোমধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগেই ক্রেতা এটি নিয়ে যাবেন।
খামারে আসা দর্শনার্থী মিলন মিয়া বলেন, “বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসছে। আমরাও কৌতূহলবশত দেখতে এসেছি।”
আরেক দর্শনার্থী সুলতানা আক্তার বলেন, “মহিষটি দেখতে খুবই সুন্দর। এর চুলগুলো ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো লাগছে।”
ব্যতিক্রমী নাম ও গোলাপি রঙের এই মহিষ এখন নারায়ণগঞ্জে ঈদবাজারের অন্যতম আলোচিত আকর্ষণে পরিণত হয়েছে।
হান্নান-চট্টলাসংবাদ