বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।
বুধবার (২০ মে) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রীতা রানী মজুমদার (৪৫) ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রীতা রানীর সঙ্গে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মত দুজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে।
এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর রুমে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান স্ত্রীর গলাকাটা নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থলে গিয়ে রিতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। এ ঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।