‘জুলাই ঐক্য’ চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় আবরার হাসান রিয়াদের তত্ত্বাবধানে জুলাই আহত যোদ্ধা হান্নান ও মাহবুবের সার্বিক প্রচেষ্টায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী প্রায় সব সংগঠক ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ জীবন, রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার নতুন ভিত্তি রচনা করেছেন। সেই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, জুলাই সনদ কোনো ব্যক্তি বা দলের স্বার্থসংশ্লিষ্ট দলিল নয়,এটি শহীদদের রক্তের ঋণ, আহত যোদ্ধাদের ত্যাগ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন। তাই এ সনদের বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সরকারের প্রতি জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের জোরালো আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা এবং জুলাই আন্দোলনের চেতনার প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
অন্যথায় জনগণের ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করা হলে এর রাজনৈতিক ও সামাজিক পরিণতির দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।