বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে প্রতিনিয়ত শিশু ধর্ষণ ও নির্মম হত্যার মতো জঘন্য অপরাধের প্রতিবাদে “YOUTH AGAINST RAPE” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ৭টায় নগরীর প্যারেড কর্ণার থেকে কর্মসূচিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ালি বেগ খাঁ মসজিদ মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন ধরনের অপরাধ আজ জাতির বিবেককে নাড়িয়ে দিচ্ছে। সমাজে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে শিশু ধর্ষণ ও নির্মম হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা পুরো সমাজকে গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে ফেলছে।
তারা আরও বলেন, সমাজের যুবসমাজকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে। দুঃখজনকভাবে এখনো এই অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে ওঠেনি। ছাত্রশিবিরের সংগ্রামী যুবকরা সকল অন্যায়, অবিচার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করবে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।
বক্তারা বলেন, সমাজে সচেতনতা সৃষ্টি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “YOUTH AGAINST RAPE” কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ সময় তারা সকল শ্রেণি-পেশার মানুষকে সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।