,

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

Oplus_131072

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণে সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, ভারতের রাজধানী দিল্লিসহ মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরুর মতো বিভিন্ন শহরে চলমান ছাত্র আন্দোলন ও বিক্ষোভের প্রেক্ষাপটে এ বিষয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, সেটিই চায়।

তিনি আরও বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর একটি। আমরা আশা করি, তারা তাদের জনগণের উদ্বেগ ও দাবির প্রতি গুরুত্ব দিয়ে চলমান সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।”