চট্টলাসংবাদ প্রতিনিধি –
চুয়াডাঙ্গায় এক হিন্দু নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি।
ভুক্তভোগী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারীর পৈতৃক ভিটা দখলের চেষ্টা করে আসছিলেন অভিযুক্ত সাওন নামের এক ছাত্রদল নেতা। তিনি নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিয়ে পরিবারটিকে এলাকা ছাড়তে চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ, সম্প্রতি সাওন তার সহযোগীদের নিয়ে ওই নারীর বাড়িতে হামলা চালান। এ সময় তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে একটি গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা বাড়ির জমি দখলেরও চেষ্টা চালায়।
নির্যাতনের শিকার ওই নারী বলেন, “অনেক দিন ধরেই তারা আমাদের ভয় দেখাচ্ছিল। আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর অত্যাচার করছে। আমাকে সবার সামনে গাছে বেঁধে মারধর করেছে। আমি এর বিচার চাই, নিরাপত্তা চাই।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাওন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবাধিকারকর্মী ও সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।