চট্টগ্রামে উত্তেজনা, উচ্ছ্বাস ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চট্টগ্রাম শহরের প্রায় ৩০টি স্কুলের ৮১টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে শুরু থেকেই তরুণ খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং ক্রীড়াসুলভ সৌহার্দ্য ছিল চোখে পড়ার মতো। একের পর এক রোমাঞ্চকর ম্যাচ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় South Asian Dictator (সাউথ এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ) ও CCS Apex Strikers (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল)।
ফাইনালে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে South Asian Dictator। আর রানার্সআপ হয় CCS Apex Strikers।৩য় স্থান অধিকার করে মুসলিম হাই স্কুল, যারা সেমি ফাইনাল থেকে ছিটকে পড়ে বিদায় নেয়, ৪র্থ স্থান অধিকার করেছে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের আহ্বায়ক মুমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের উপদেষ্টা হোছাইন আজম। এছাড়া উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের ক্রীড়া উপদেষ্টা আরাফাত হোসাইন,অংকুরের বিভিন্ন জোনের পরিচালক ও থানা সেক্রেটারিয়েট।
অনুষ্ঠানে প্রধান অতিথি- তরুণ প্রজন্মের মেধা, মনন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে মোবাইল ও প্রযুক্তি আসক্তি থেকে বেরিয়ে এসে তরুণদের মাঠমুখী হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ট্রফি বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’।
আয়োজকদের মতে, তরুণদের প্রতিভা বিকাশ, সুস্থ বিনোদন এবং ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখবে বলে মনে করেন তারা।